আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়েই এখন চরম নিরাপত্তার ঝুঁকিতে দেশের পুলিশ বাহিনী। অপরাধ দমন, আসামি গ্রেপ্তার কিংবা নিয়মিত টহল দিতে গিয়ে দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশকে লক্ষ্য করে হামলা, মারধর, আসামি ছিনিয়ে নেওয়া এবং ককটেল বা বোমা নিক্ষেপের মতো ভয়ংকর ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসেই দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার রেকর্ড সৃষ্টি হয়েছে। এসব বর্বরোচিত হামলা ও সহিংসতায় এ পর্যন্ত ৪ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন ৩৭০ জন। কখনো উগ্র জনতা বা রাজনৈতিক সংঘাতে, কখনো আবার কুখ্যাত অপরাধীদের আটকের সময় অতর্কিত হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা।
এ ধরনের লাগাতার সহিংসতার কারণে খোদ পুলিশ বাহিনীর ভেতরও তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে রাতে একা চলাচল না করার মতো কঠোর অভ্যন্তরীণ সতর্কতা ও নির্দেশনাও জারি করা হয়েছে।
তবে মনোবল ভাঙতে চাওয়ার এসব অপচেষ্টা সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ সদরদপ্তর। এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এটি দমানো যাবে না। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি।
বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক অনৈক্য এবং মতপার্থক্যকে সুযোগ হিসেবে ব্যবহার করে অপরাধ চক্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্বল করার পাঁয়তারা চালাচ্ছে। অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক এ প্রসঙ্গে মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিস বা সদস্যদের লক্ষ্য করে হামলা এবং বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, মতবিরোধ বা দূরত্ব থাকলেও সমাজ ও দেশের নিরাপত্তার প্রশ্নে তাদের ন্যূনতম ঐক্য বজায় রাখা জরুরি। রাজনৈতিকভাবে এ ধরনের সহিংসতা মোকাবিলার উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
পরিস্থিতি সামাল দিতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কৌশলগত পয়েন্টগুলোতে চেকপোস্ট এবং নিয়মিত টহল টিমের সংখ্যা বাড়ানোর জোরালো পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।