ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ১২:২২ পিএম

দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) থেকে এই তিন জেলার শিল্প অধ্যুষিত এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং কারখানাগুলোর উৎপাদন পরিবেশ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বাহিনীটির সদস্যরা।


মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।


মাঠপর্যায়ে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের শ্রমিক ও মালিকপক্ষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতেও তারা কাজ করছেন।


এদিকে, মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এই বিশেষ নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, শরীরে পরিধানযোগ্য ক্যামেরা এবং বিশেষায়িত প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর