ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,  ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না: সিএমপি কমিশনার সপ্তাহের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী রামদা ও লগি-বইঠা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের মহড়া কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন: টেকসই অর্থায়নে জোর দিলেন অর্থমন্ত্রী বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন ওয়াহিদ-উজ-জামান দেশে একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৫৭২ মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান ও যাত্রীবাহী জেটের সংঘর্ষ তথ্য পাচার ও রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

নীতি বাস্তবায়নে বাধা দূর করতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের নতুন আইনি লড়াই


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ১০:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা আরও সুদৃঢ় করতে এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বিচার বিভাগের হস্তক্ষেপ কমাতে নতুন এক আইনি লড়াই শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির ফেডারেল সংস্থাগুলোর নেওয়া নীতিমালা বা সিদ্ধান্ত একযোগে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের যে দীর্ঘদিনের আইনি ক্ষমতা রয়েছে, তা আরও সীমিত করার উদ্দেশ্যে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হোয়াইট হাউসের বিচার বিভাগ। এই আইনি লড়াইতে প্রশাসন জয়ী হলে প্রেসিডেন্ট তার নীতিগুলো কোনো ধরনের আইনি জটিলতা বা বাধা ছাড়াই আরও সহজে দেশজুড়ে বাস্তবায়ন করতে পারবেন।


এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনেই সুপ্রিম কোর্ট দেশব্যাপী কার্যকর হয় এমন ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেছিল। তবে সেবার আইনের অন্য একটি ধারার কারণে কোনো ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা সারাদেশে বাতিল করে দেওয়ার ক্ষমতা বিচারকদের হাতেই টিকে ছিল। এবার প্রশাসনিক আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় বিচারকদের হাতে থাকা সেই অবশিষ্ট ক্ষমতাটুকুও কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।


ট্রাম্প প্রশাসনের মূল যুক্তি হলো, কোনো সরকারি সংস্থার প্রণীত বিধিমালা আদালত পুরোপুরি বাতিল করতে পারবে না। আদালতের দেওয়া যেকোনো প্রতিকার বা রায় কেবল সংশ্লিষ্ট মামলার বাদীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। টেক্সাসের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার করা একটি মামলার রেশ ধরেই এই আপিলের সূত্রপাত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদের একটি আইন অনুযায়ী তৈরি স্বাস্থ্য খাতের কিছু বিধিমালাকে চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করে। ট্রাম্প প্রশাসন এখন ওই বিধিমালার বৈধতা নিয়ে সরাসরি বিতর্ক না করে, আদালতের এপিএ ক্ষমতা ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাতে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নীতি বাস্তবায়নে কোনো বাধা তৈরি না হয়।


ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাইয়ের মতে, এই মামলায় ট্রাম্প প্রশাসন জয়ী হলে সরকার বিতর্কিত বিধিমালা মামলার বাদীদের বাইরেও অন্য সবার ক্ষেত্রে কার্যকর রাখতে পারবে। এমনকি আদালত কোনো বিধিমালাকে বেআইনি ঘোষণা করার পরও আইনি লড়াই চলাকালে বছরের পর বছর সেটি কার্যকর থাকতে পারে। এটি নির্বাহী বিভাগকে চরম স্বাধীনতা দিলেও সাধারণ মানুষ বা অঙ্গরাজ্যগুলোর ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।


২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই অভিবাসন কঠোর করা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারের মতো বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এসব নীতির বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হওয়ায় এবং বিভিন্ন আদালতের বিচারকরা তা আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের সাথে বিচার বিভাগের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। টেক্সাস ও ফ্লোরিডার মতো বিভিন্ন অঙ্গরাজ্য সরকারের পাশাপাশি আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দিলে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা রুখে দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এর ফলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর পক্ষে সরকারের অবৈধ নিয়মগুলোকে চিরতরে বাতিল করানো আরও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। সূত্র: আরব নিউজ, রয়টার্স।


এ সম্পর্কিত আরো খবর