দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মাদক নির্মূলের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার দীর্ঘ বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা অংশগ্রহণ করেন।
বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎসগুলো চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধলব্ধ অর্থের প্রবাহ এবং অর্থনৈতিক নেটওয়ার্কগুলো নিবিড়ভাবে তদন্ত করার সুপারিশ করেন তিনি।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম উন্নত দেশগুলোর আদলে দেশের সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, সীমান্তে ড্রোন সার্ভেইল্যান্স বা নজরদারির কার্যকর ব্যবহার আরও বাড়াতে হবে। আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন যে, মাদকের ভয়াবহ ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন একটি সামাজিক বিপ্লব। এটি কেবল কোনো একক মন্ত্রণালয় বা বাহিনীর একার দায়িত্ব নয়, বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ চিরতরে নির্মূল করতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার জোরালো সুপারিশ করা হয়। এছাড়া দেশের মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত রুটগুলো চিহ্নিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।