ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

তৃণমূল থেকে প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর শাহে আলম


  • আপলোড সময় : শনিবার ০১ আগস্ট, ২০২৬ সময় : ৫:৪৫ পিএম

বগুড়া (শিবগঞ্জ) প্রতিনিধি

বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন—একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাঁর নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর-গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।


এ সময় তিনি আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফুটবল প্রদান করেন প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ মাষ্টার ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর