রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। দীর্ঘ দুই বছর ধরে নিয়মিতভাবে তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কামালনগর এলাকায় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে এই বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকার আর্থিক সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্প পরিচালিত হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. ইমরান হোসেনের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী দরিদ্র রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন।
সকাল থেকেই তারাবো ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা শত শত নারী, পুরুষ ও বয়স্ক রোগীর দীর্ঘ ভিড় লক্ষ্য করা যায়। আধুনিক চিকিৎসাসরঞ্জামের মাধ্যমে চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় পরামর্শ, চশমা, আই ড্রপ ও বিভিন্ন ওষুধপত্র প্রদান করেন। এছাড়া ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের বিশেষ ব্যবস্থার ঘোষণাও দেওয়া হয়। সব মিলিয়ে অর্থাভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা থেকে বঞ্চিত থাকা প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করে স্বস্তি প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের আয়োজক ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন জানান, তাঁদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের চিকিৎসাসেবা পরিচালনা করে প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে তারাবো পৌর এলাকায় আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে তাঁদের। পাশাপাশি এই সেবামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়িয়ে সমাজের প্রতিটি কোণায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সিরাজী, তানভীর হাসান মিলন ও অ্যাডভোকেট আয়নাল হক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।