মোহাম্মদ বাকী অনিক, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরবাসীর সুপেয় পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা ওয়াসা গঠন করা হলেও এখনো প্রতিষ্ঠানটির কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হলেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো। নেই নিজস্ব দপ্তর, পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো। ফলে ওয়াসা গঠনের প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ নগরবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ মে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে ৮ জুলাই ব্যবস্থাপনা পরিচালক এবং ২৯ আগস্ট চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি বাস্তবে পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সাংগঠনিক কাঠামো তৈরি এবং দাপ্তরিক কার্যক্রম এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
প্রায় ১৭৫ বছরের পুরোনো কুমিল্লা শহরে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সরবরাহ, পয়োনিষ্কাশন ও জলাবদ্ধতা নগরবাসীর অন্যতম বড় সমস্যা। নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়।এ বছরের ২৮ এপ্রিল মাত্র সোয়া এক ঘন্টার বৃষ্টিতে কুমিল্লা শহরের অধিকাংশ অঞ্চল হাঁটু পানিতে নিমজ্জিত হয়। পরবর্তীতে ১৩ জুলাই ১০৭ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন উল্লেখযোগ্য সড়ক এবং অধিকাংশ এলাকায় পানিতে তলিয়ে যায়।
নগরীর পানির নিষ্কাশনের জন্য ব্রিটিশ শাসনামলে নির্মিত কান্দিখাল ভরাট এবং অবৈধ ময়লা আবর্জনা নিষ্কাশনে হারিয়ে ফেলছে তার অস্তিত্ব। এছাড়াও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং পয়োনিষ্কাশনের আধুনিক অবকাঠামোর অভাবে জনদুর্ভোগ বাড়ছে।
বিশেষ করে নগরীর বিভিন্ন এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাসাবাড়িতে পানি জমে যায়। কোথাও কোথাও দীর্ঘ সময় পানি আটকে থাকায় চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি অপরিকল্পিত পয়োনিষ্কাশন ব্যবস্থার কারণে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
নগরবাসীর প্রত্যাশা ছিল, কুমিল্লা ওয়াসা কার্যক্রম শুরু করলে আধুনিক পানি সরবরাহ, পরিকল্পিত পয়োনিষ্কাশন এবং সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হবে। কিন্তু প্রতিষ্ঠানটির প্রাথমিক প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমই এখনো পূর্ণতা না পাওয়ায় সেই প্রত্যাশা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কুমিল্লা শহরের বয়স ১৭৫ বছর হওয়া সত্ত্বেও গড়ে ওঠেনি কোন সমন্বিত নিষ্কাশন ব্যবস্থাপনা। অতীতে শহরের অভ্যন্তরে অবস্থিত সকল খাল গুলো গোমতী নদীর সাথে সংযোগ থাকলেও বর্তমানে তা নেই বললেই চলে। যার ফলশ্রুতিতে স্বাভাবিক জলপথের প্রবাহিত ধারার মাধ্যমে পানির নিষ্কাশন হত কিন্তু এখন তা সম্ভব নয়। তাছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনে গত দেড় দশক ধরে পানির নিষ্কাশনের কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এ বিষয়গুলোতে সংবাদমাধ্যমের সাথে খোলাখুলি আলোচনায় এসেছেন কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি জানান, বিগত সময়ে ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাপনা, দুর্বল পান নিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহের ব্যবস্থা না থাকায় আজকের কুমিল্লায় পানি সংক্রান্ত বিষয়ে এত সমস্যা সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, কুমিল্লা ওয়াসা বোর্ড গঠন হয়েছে। অচিরেই সকলের সহযোগিতায় এবং কুমিল্লা ওয়াসা বোর্ডের মাধ্যমে সমন্বিত নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। কুমিল্লা ওয়াসা বোর্ড পানি নিষ্কাশন, পয়ো প্রণালীর সুব্যবস্থা, সুপেয় পানির সরবরাহের কাজ করে যাচ্ছে। অতি শীঘ্রই কুমিল্লা নগরীর পানি সংক্রান্ত সকল সমস্যা সমাধান হবে।
সচেতন নাগরিকদের মতে, শুধু চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিলেই একটি সেবামূলক প্রতিষ্ঠান কার্যকর হয় না। প্রয়োজনীয় জনবল নিয়োগ, নিজস্ব কার্যালয় স্থাপন, সাংগঠনিক কাঠামো তৈরি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন না হলে কুমিল্লা ওয়াসার কার্যক্রম শুরু হতে আরও দীর্ঘ সময় লেগে যেতে পারে।
নগরবাসীর দাবি, কুমিল্লা ওয়াসাকে কেবল নামসর্বস্ব প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে দ্রুত পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। একই সঙ্গে আধুনিক পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত মহাপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে।