দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের বড় অংকের সহায়তার চিত্র উঠে এসেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতি ও বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারের ওপর বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি হিসেবে বরাদ্দ রেখেছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর তদারকি ও সমন্বিত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মন্ত্রী উল্লেখ করেন, চলতি অর্থবছরে সারের সার্বিক ঘাটতি মেটাতে ও মূল্য নাগালের মধ্যে রাখতে সরকার ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করছে।
সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জানতে চান, বিশ্ববাজারে সারের আন্তর্জাতিক মূল্যের ওঠানামার মধ্যে দেশের প্রান্তিক চাষিদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে মোট কত টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে তিনি জানতে চান, বোরো ও আমন মৌসুমে পিক সিজনে ডিলার কিংবা অসাধু মজুতদারদের পক্ষ থেকে কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপতৎপরতা রুখতে সরকারের বিশেষ তদারকি ব্যবস্থা এবং বিএডিসির মাধ্যমে সরাসরি কৃষকের ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে সারের পাশাপাশি মানসম্মত প্রত্যয়িত বীজ বণ্টনে সমন্বিত জাতীয় কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, অসাধু উপায়ে বেশি মূল্যে সার বিক্রি ও কৃত্রিম সংকট রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স গঠনের পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া সারের সার্বিক সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ এবং খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারক করতে কৃষি মন্ত্রণালয়ে একটি সার্বক্ষণিক 'সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম' চালু রয়েছে। এর মাধ্যমে যেকোনো দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধান দেওয়া সম্ভব হচ্ছে।
সার ব্যবস্থাপনা কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে দেশের ৬৪ জেলাতেই বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে জানান মন্ত্রী। জেলা পর্যায়ে সার মনিটরিং নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সামগ্রিক সারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব এবং দুজন উপসচিবকে অন্তর্ভুক্ত করে চার সদস্যের বিশিষ্ট একটি শক্তিশালী তদারকি কমিটি সার্বক্ষণিক কার্যকর রাখা হয়েছে।
কৃষিমন্ত্রী আরও জানান, সরকার কৃষকদের জন্য 'কৃষক কার্ড' কর্মসূচি দ্রুত বাস্তবায়নের কাজ করছে। এর মাধ্যমে সকল কৃষকের সমন্বিত ডিজিটাল তথ্যভাণ্ডার (ডাটাবেজ) তৈরি করা হবে। এই ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতেই অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষকদের হাতে ন্যায্যমূল্যের সার, মানসম্মত বীজ এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ ও সরকারি সব ধরণের প্রণোদনা ও ভর্তুকি সহজে পৌঁছানো সম্ভব হবে।