দেশের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখার ক্ষেত্রে বক্তব্য এবং তার ভুল ব্যাখ্যা নিয়ে নানা আলোচনা এখন তুঙ্গে। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি অনানুষ্ঠানিক বক্তব্যকে কেন্দ্র করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা।
মূলত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়ন কাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান সম্পর্কে নিশ্চিত হয়ে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দেওয়া হয়। কাজের গুণগত মান রক্ষা করে নিয়মতান্ত্রিক উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বিষয়টিকেই সেখানে উৎসাহিত করা হয়েছে। সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে পিপিআর ও পিপিএ কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে মূল বক্তব্যকে উহ্য রেখে একটি মহল প্রতিমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপকালের কিছু বক্তব্য বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা কেবল অনভিপ্রেত নয়, বরং এটি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি একধরনের রাজনৈতিক অপপ্রচার। সরকার সবসময় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে কোনো প্রকার বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ১১ নভেম্বর সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী এবং প্রকৌশলীদের নিয়ে একটি কর্মশালায় গণমাধ্যমের সামনে তাঁর আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং তিনি সেসব অনানুষ্ঠানিক বক্তব্য প্রত্যাহার করেছেন। একই সঙ্গে এই বক্তব্যগুলোর সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেছেন।
অতএব, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি বন্ধে সবাই মিলে সরকারকে সহযোগিতার অনুরোধ জানানো হচ্ছে। সরকারি কাজে দুর্নীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।