পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তার পরিবেশ বিঘ্নিত করে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী। সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে পার্বত্য অঞ্চলের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, গত ৫ বছরে পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সশস্ত্র গোষ্ঠীর বহুমুখী সহিংস হামলায় মোট ৩১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদে উত্থাপিত তথ্যে আরও প্রকাশ পায় যে, বিগত পাঁচ বছরে পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অন্তত ৯৭ বার সশস্ত্র আক্রমণ চালিয়েছে এসব সন্ত্রাসী গোষ্ঠী। পাশাপাশি, বেসামরিক জনগণের নিরাপত্তা চরমভাবে ব্যাহত করতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার সশস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার ও প্রদর্শনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা কঠোরহাতে দমন করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান ‘অপারেশন উত্তরণ’ অব্যাহত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ে নিয়মিত টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ পেলে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা আদায়ের মূল অর্থনৈতিক খাত ও উৎসগুলো চিহ্নিত করে কঠোর নজরদারি চালানো হচ্ছে। চাঁদাবাজি নির্মূলে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে। ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করতে প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ধারাবাহিক এসব যৌথ অভিযানে ইতোমধ্যে বহু ক্যাডার ও সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে এবং বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।