ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৪ বছর পর স্পেনে বিশাল ধর্মঘট, আবাসন সংকটে ফুঁসছে জনতা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪৩ পিএম

অসহনীয় বাড়িভাড়া ও তীব্র আবাসন সংকটের জেরে উত্তাল হয়ে উঠেছে স্পেন। ১৪ বছর পর দেশটিতে ডাকা এই সাধারণ ধর্মঘটে ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে রাজপথে নেমে আসেন লাখ লাখ ক্ষুব্ধ মানুষ।


ইউরোপের উন্নত এই দেশটিতে সর্বশেষ দেশজুড়ে এমন ধর্মঘট হয়েছিল ২০১২ সালে। দীর্ঘ ১৪ বছর পর গত বুধবার (১১ নভেম্বর) ফের এই কঠোর কর্মসূচিতে অংশ নেন শ্রমিক ও সাধারণ জনতা। স্পেনের দুটি বৃহত্তম শ্রমিক ইউনিয়ন—জেনারেল ইউনিয়ন অফ ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও) এই ধর্মঘটের ডাক দিয়েছিল। এছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়া সংগঠনগুলোও এতে সংহতি জানায়।


ঝড়ো আবহাওয়া ও বৈরী পরিবেশ উপেক্ষা করে শ্রমিকরা দেশজুড়ে পিকেটিং করেন। তবে সন্ধ্যার দিকে বার্সেলোনা ও মাদ্রিদের কিছু এলাকায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বার্সেলোনায় মূল মিছিলের পর রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং মাদ্রিদের প্লাজা দে এস্পানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে।


পুলিশ জানিয়েছে, সারা দেশে ১ হাজার ৪৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এ পর্যন্ত অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে এই ধর্মঘটের প্রভাব ছিল সবচেয়ে তীব্র, কারণ ওই এলাকাগুলোতে আবাসন সংকটের মাত্রা চরম আকার ধারণ করেছে। মাদ্রিদের গ্রান ভিয়া এবং বার্সেলোনার বিভিন্ন প্রধান সড়কে অনেক দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।


স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সাল নাগাদ ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। স্পেনের ‘ইউথ কাউন্সিল’-এর তথ্যমতে, দেশটিতে গড় বাড়ি ভাড়া ১,১৭৬ ইউরো, যা একজন তরুণ কর্মজীবীর মাসিক বেতনের প্রায় ৯৮.৭ শতাংশ। মাদ্রিদের বাসিন্দা ও আইটি কর্মী জেসাস গঞ্জালেস রয়টার্সকে জানান, ৩৬ বছর বয়সেও আলাদা বাসা নিয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে।


এদিকে স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওই’র ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা দে মিগুয়েল রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই-কে বলেন, এই ধর্মঘট উল্টো ফল বয়ে আনবে। তার মতে, এ সমস্যার একমাত্র সমাধান হলো অধিক পরিমাণে বাড়ি নির্মাণ এবং নির্মাণ ও ক্রয় প্রক্রিয়ায় কর কমানো। অন্যদিকে, ঝড়ের কারণে কিছু কর্মসূচি ব্যাহত হলেও পুলিশি অভিযানে বলপ্রয়োগের অভিযোগে ফৌজদারি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। (সূত্র: রয়টার্স)

 


এ সম্পর্কিত আরো খবর