সিরাজগঞ্জ প্রতিনিধি / : 8
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রাম আজও বহন করে চলেছে একাত্তরের ভয়াবহ নির্মমতার ক্ষত। ১৯৭১ সালের ১৩ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম তাণ্ডব ও পৈশাচিক হত্যাকাণ্ডে রক্তে ভেজা এই দিনটি আমবাড়িয়া গণহত্যা দিবস হিসেবে পালিত হয়। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের কাছে শোচনীয় পরাজয়ের পর ক্ষিপ্ত হয়ে পাকিস্তানি বাহিনী এই নিরপরাধ গ্রামবাসীর ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছিল।
ঝন্টু, তাড়াশ প্রতিনিধি জানান, একাত্তরের ১১ নভেম্বর তাড়াশ উপজেলার নওগাঁ এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে শোচনীয় পরাজয় বরণ করে পাকিস্তানি বাহিনী। ওই যুদ্ধে প্রায় এক কোম্পানি পাকিস্তানি সেনা ও অর্ধশতাধিক রাজাকার নিহত হয়। সেই পরাজয়ের গ্লানি ও প্রতিশোধ নিতেই দুই দিন পর ১৩ নভেম্বর হানাদার বাহিনী পার্শ্ববর্তী আমবাড়িয়া গ্রামে অতর্কিত আক্রমণ চালায়। পুরো গ্রাম পুড়িয়ে ছাই করে দেওয়ার পাশাপাশি নির্বিচারে গুলি চালিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয় ১৩ জন সাধারণ মানুষকে।
সেদিনের সেই বর্বর হামলায় শহীদ হন আমবাড়িয়া গ্রামের ইয়ার মোহাম্মাদ, মেহের মন্ডল, মোক্তার হোসেন, সুলতান সেখ, সফিজ উদ্দিন সেখ, দেছের আলী, ফয়েজ উদ্দিন, ওসমান আলী, মজিবর রহমান, কিয়ামত আলী, জুব্বার ফকির, আমিন উদ্দিন ও আব্দুর রহমান। এছাড়া সেদিন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন মাওলানা তাজ উদ্দিন ও দেছের আলী প্রাং। বর্তমানে আমবাড়িয়া গ্রামে এই ১৩ জন শহীদের কবর এক সারিতে সংরক্ষিত রয়েছে, যা তাদের আত্মত্যাগের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা পরিষদের অর্থায়নে আমবাড়িয়ার এই গণকবরে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও আমবাড়িয়া গণকবরটি সরকারিভাবে এখনও যথাযথ স্বীকৃতি লাভ করেনি। এছাড়া প্রতি বছর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঐতিহাসিক ১৩ নভেম্বর এই গণহত্যা দিবসে কোনো প্রাতিষ্ঠানিক বা সরকারি কর্মসূচি গ্রহণ করা হয় না।
স্থানীয় তরুণ কবি ও সাংবাদিক হাদিউল হৃদয় গত তিন বছর ধরে নিজ উদ্যোগে ও সহকর্মীদের সাথে নিয়ে দিবসটি পালন করে আসছেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, স্বাধীনতার সুদীর্ঘ বছর পরেও আমবাড়িয়া গণকবরটি সরকারি স্বীকৃতি পায়নি এবং দিবসটিও রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না। তাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দ্রুত সরকারিভাবে এই দিবসটি পালনের জোর দাবি জানিয়েছেন। মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক আকিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় সচেতন মহলও আমবাড়িয়া গণহত্যা দিবসটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।