সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশে যৌথ নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানে অন্তত ৭৪ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে চালানো এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও ওরাকজাই এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বড় মাত্রার এই অভিযান পরিচালনা করে সেনা ও পুলিশ বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ নভেম্বর থেকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। নিহত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ৩১ জন বেলুচিস্তানের ‘ফিৎনা আল হিন্দুস্তান’ এবং বাকি ৪৩ জন খাইবার পাখতুনখোয়ার ‘ফিৎনা আল খারিজ’-এর সদস্য। অভিযান চলাকালে উত্তর ওয়াজিরিস্তান, ওরাকজাই ও কোয়েটায় সন্ত্রাসীদের বেশ কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, খাইবার পাখতুনখোয়া প্রদেশটি পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান ঘাঁটি এলাকা। এই গোষ্ঠীটি পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে খাইবার পাখতুনখোয়াকে আলাদা করে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে, বেলুচিস্তানে গত ৭ দশক ধরে সক্রিয় রয়েছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তানি সেনাবাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল-খারিজ’ এবং বিএলএকে ‘ফিৎনা আল-হিন্দুস্তান’ হিসেবে চিহ্নিত করে থাকে।
পাকিস্তানি আইএসপিআর জানিয়েছে, দেশের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে ‘আজম-ই-ইস্তেকাম’ (স্থিতিশীলতার সংকল্প) শীর্ষক এই সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (ক্রাস) প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম চার মাসে সংঘটিত মোট সহিংসতার ৫৭ শতাংশই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। (সূত্র: জিও টিভি)