যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। তবে কারা গুলি চালিয়েছে এবং ঠিক কোন স্থান থেকে গোলাগুলির সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন জারি করা হয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল হোয়াইট হাউজ থেকে হাঁটা দূরত্বে অবস্থিত।
ওয়াশিংটন ডিসি পুলিশ বিভাগের মুখপাত্র নিকোল ডিনার জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে গুলি ছোড়ার সঙ্গে জড়িত ব্যক্তিকে এখনো আটক করা সম্ভব হয়নি। একই সঙ্গে গোলাগুলির সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
এপি তাদের প্রতিবেদনে ওয়াশিংটনের লোগান সার্কেল এলাকার কথা উল্লেখ করেছে। এলাকাটি হোয়াইট হাউজ থেকে প্রায় এক মাইল উত্তরে অবস্থিত।
পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ১৫ নম্বর সড়কের ১৫০০ ব্লক এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই এলাকায় একটি ভিডা ফিটনেস সেন্টার, একটি গির্জা, বসতবাড়ি এবং কাছাকাছি একটি খাবারের সুপারমার্কেট রয়েছে।
ঘটনার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এলাকার বেশির ভাগ অংশ ঘিরে রেখে নিরাপত্তা তল্লাশি ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি নিকটবর্তী স্কুলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে লকডাউন জারি করা হয়েছে।
তবে গোলাগুলির কারণ, হামলাকারীর পরিচয় কিংবা আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
এর আগে গত বছর লোগান সার্কেল এলাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগীর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেছিল একদল দুর্বৃত্ত তরুণ। ওই ঘটনার পর এলাকাটিতে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
অপরাধপ্রবণতা কমানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেছিলেন। গোলাগুলির ঘটনার সময়ও ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।
হোয়াইট হাউজের কাছাকাছি এমন গোলাগুলির ঘটনায় ওয়াশিংটন ডিসির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে আগের গাড়ি ছিনতাইয়ের চেষ্টার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।