বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চীনা নারী গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ঘিরে তীব্র বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁর পদত্যাগের খবর প্রকাশিত হয়। তাঁর স্থলে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে কোম্পানির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসের। একই সঙ্গে স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এনভিডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হবে। পদত্যাগের পর জেনসেন হুয়াং আর কোম্পানির পরিচালনা পর্ষদেও থাকবেন না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানটির চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী। চীনা নারী গুপ্তচরের সঙ্গে কথিত ঘনিষ্ঠতা এবং নিজের প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি চাপের মুখে ছিলেন।
গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন হুয়াং। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটিকে এ তথ্য জানিয়েছেন। কিম্বার্লি পাওয়েল সরাসরি জেনসেন হুয়াংয়ের অধীনে কাজ করতেন।
এনভিডিয়ার সাবেক দুই কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে আয়োজিত প্রতিষ্ঠানের একটি সম্মেলনের সময় জেনসেন হুয়াং ও কিম্বার্লি পাওয়েলকে একটি হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ ঘটনার একটি ভিডিও রয়েছে বলেও ওই দুই সাবেক কর্মী দাবি করেছেন। তবে তাঁরা নিজেরা ভিডিওটি দেখেননি বলে জানিয়েছেন।
কিম্বার্লি পাওয়েল ২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেন। বর্তমানে তিনি স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ তদারক করছেন। বিশেষ করে চিকিৎসা চিত্রায়ণ যন্ত্রে এনভিডিয়ার চিপ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে তাঁর দায়িত্ব রয়েছে।
এর আগে অ্যালিস হুয়াং নামে এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই নারী বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা ছিলেন এবং যুক্তরাষ্ট্রের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন।
গত মাসে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, উন্নত এআই চিপ চীনের কাছে আরও সহজলভ্য করতে তিনি এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তবে চীন গুপ্তচরবৃত্তির এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সেগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
এদিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন হুয়াং স্বীকার করেছিলেন, তিনি স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেননি তিনি।
এ ঘটনায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্তের দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে। পাশাপাশি মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগের বিষয়ে তাঁর কাছে রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।