ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রসগোল্লার বদলে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২৬ পিএম

ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা খাওয়ানোর কথা বলে এক ব্যক্তির মুখে তুলে দেওয়া হলো ছোট আকারের বোমা। সেটিতে কামড় দিতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার মধ্যপ্রদেশের দিনদোরি জেলার পাদ্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোতিয়া। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম বাঘত নামে এক ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। পরে দুজনের মধ্যে কথাবার্তা চলার একপর্যায়ে রাম বাঘত তাঁকে রসগোল্লা খাওয়ার কথা বলে একটি ছোট বস্তু দেন। সেটি আসলে বোমা ছিল বলে জানিয়েছে পুলিশ।


রাজেন্দ্র বস্তুটি হাতে নিয়ে মুখে দেন এবং কামড় দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


নিহতের স্ত্রী সুশীলা বাই স্বামীর মৃত্যুর বর্ণনা দিয়ে বলেন, এসব বোমা সাধারণত প্রাণী হত্যার কাজে ব্যবহার করা হয়। তাঁর স্বামীকে রসগোল্লার কথা বলে সেটি দেওয়া হয়েছিল। বিস্ফোরণের পর তিনি প্রতিবেশীদের ডাকাডাকি করেন। পরে স্বামীকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান।


ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে একটি বিস্ফোরক বস্তু মিষ্টি হিসেবে একজনের হাতে তুলে দেওয়া হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাম বাঘতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় সেখানে অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্র বস্তুটি আসলে রসগোল্লা কি না, তা বুঝতে পারেননি বলে পুলিশের বক্তব্য।


পুলিশের জিজ্ঞাসাবাদে রাম বাঘত দাবি করেছেন, অন্য একজন তাঁকে বোমাটি দিয়েছিলেন। পরে তিনি সেটি রাজেন্দ্রর কাছে নিয়ে যান। তবে কে তাঁকে বিস্ফোরকটি দিয়েছিলেন এবং কী উদ্দেশ্যে সেটি রাজেন্দ্রর হাতে তুলে দেওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।


রাজেন্দ্র বারোতিয়াকে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


সূত্র: এনডিটিভি ‍


এ সম্পর্কিত আরো খবর