বিশিষ্ট ইসলামী বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত বিতর্কিত সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ ধারার উপধারা ১ ও ৩ অনুযায়ী আইআরএফের ওপর এই নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সংস্থাটির ওপর আরোপিত পাঁচ বছরের পূর্ববর্তী নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন এই আদেশের ফলে সরকারি গেজেট প্রকাশের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নয়াদিল্লির দাবি, প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্য মারাত্মক হুমকি স্বরূপ।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, আইআরএফ এবং এর সঙ্গে যুক্ত সদস্যরা, বিশেষ করে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আব্দুল করিম নায়েক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত করে আসছেন। ড. জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য ও বিবৃতিকে ‘আপত্তিকর ও উসকানিমূলক’ হিসেবে অভিহিত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি বিশ্বজুড়ে উগ্র বার্তা প্রচার করছেন, যা ভারত ও বিদেশের তরুণ প্রজন্মকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়তে অনুপ্রাণিত করছে বলে প্রশাসনের অভিযোগ।
কর্তৃপক্ষ আরও সতর্ক করে জানিয়েছে, এই ধরনের কার্যক্রম অবিলম্বে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হলে আইআরএফের আত্মগোপনে থাকা কর্মীরা পুনরায় সংঘটিত হওয়ার সুযোগ পাবে। এর ফলে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ভেঙে পড়া, ভারতবিরোধী মনোভাব জোরদার করা এবং সশস্ত্র তৎপরতায় সমর্থনের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ভারতের মুম্বাই শহরে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ড. জাকির নায়েক। পরবর্তীতে ২০১৬ সালের ১৭ নভেম্বর ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবার পাঁচ বছরের জন্য আইআরএফ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। বর্তমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করে তা আরও পাঁচ বছরের জন্য নবায়ন করল ভারতীয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, আইনি জটিলতার কারণে ড. জাকির নায়েক বর্তমানে ভারত ছেড়ে মালয়েশিয়ায় বসবাস করছেন।
সূত্র: এনডিটিভি