ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্লগিং ও টিকটকের নেশাই কাল: সাতক্ষীরায় বাইক দুর্ঘটনায় যুবক নিহত


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৭:০৯ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগিং ও টিকটক ভিডিও তৈরির নেশা কেড়ে নিল এক তরুণের প্রাণ। সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে মোস্তাকিম (২১) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, নিহত মোস্তাকিমসহ তিন যুবক একটি মোটরসাইকেলে চড়ে অত্যন্ত বেপরোয়া ও দ্রুতগতিতে আশাশুনির দিকে যাচ্ছিলেন। তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভ্লগিং ও টিকটক ভিডিও তৈরি করতেন। দুর্ঘটনার ঠিক আগমুহূর্তেও তারা চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণ এবং অতিরিক্ত গতিতে বাইক চালানোয় মত্ত ছিলেন। একপর্যায়ে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে থাকা একটি বিশাল গাছের সাথে সজোরে ধাক্কা খান।


ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মোস্তাকিমের মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাকি দুই আরোহীকে উদ্ধার করেন।


দুর্ঘটনার খবর পেয়ে আশাশুনি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে আশাশুনি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তারিকুর রহমান শুভ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। তিনি নিজে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের নিয়ে আশাশুনি সদরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।


পুলিশ কর্মকর্তা তারিকুর রহমান শুভ আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সড়কে তরুণদের এমন বেপরোয়া গতি ও ভিডিও তৈরির প্রবণতা নিয়ে স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর