মুহ. মিজানুর রহমান বাদল (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং মরহুম আজিমউদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইরের (সাস) যৌথ আয়োজনে এলাকায় জমজমাটভাবে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, মহাসচিব ও কর কমিশনার মাসুম বিল্লাহ সানি, অ্যাডভোকেট আতাউর রহমান এবং আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা বিকাশ এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে এই মেধা বৃত্তির আয়োজন করা হয়েছে। আগামীতেও শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে এ ধরনের গঠনমূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মো. রুহুল আমিন মিয়া এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মো. আতাউর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতামূলক মেধা বৃত্তি পরীক্ষায় ৪০টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৮৮ জন শিক্ষার্থী এবং ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা বেলা ১১টা ৪০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে অষ্টম শ্রেণির ২৫ জন এবং পঞ্চম শ্রেণির ২৫ জনসহ মোট ৫০ জন কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হবে।