ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ ডিসেম্বর খুলছে তৃতীয় টার্মিনাল, প্রতিদিন চলবে ৪ ফ্লাইট ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আপস নয়: জামায়াত আমির ডেঙ্গুতে একদিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,৬৭৪ প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে, আপস নয়: জামায়াত আমির


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৫:২৭ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো তরুণ প্রজন্ম দেশে নতুন করে কোনো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে কোনো আপস করা হবে না। জনগণের অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।


শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। তাঁরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, এটি একটি ভাইরাস। যার মধ্যে এর লক্ষণ দেখা যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। বর্তমান সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চান না জানিয়ে তিনি বলেন, তবে সরকারের মধ্যে এ ভাইরাসের অনেক লক্ষণ ফুটে উঠেছে।


২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, ১ হাজার ৪০০ তরুণ-তরুণীর রক্ত ও জীবনের বিনিময়ে জুলাই এসেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে তরুণেরা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, লুণ্ঠন ও ফ্যাসিবাদের অবসান চেয়েছিলেন। আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ‘জাস্টিস’। মানুষের বাঁচার অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরি ও ব্যবসাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।


তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা সবাই সরকারি চাকরির জন্য রাস্তায় আসেননি। তাঁদের অনেকের দাবি ছিল রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন। চার কোটি তরুণ-যুবকের আন্দোলনকে কেবল চাকরির দাবির মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই।


জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শফিকুর রহমান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে ৩৩টি রাজনৈতিক দল মাসের পর মাস অংশ নিয়েছে। সেখান থেকেই জুলাই সনদ রচিত হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন এবং রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল। বর্তমান সরকারি দল একটি সিদ্ধান্ত মেনেছে, অন্যটি মানেনি। এর মধ্য দিয়ে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।


দেশে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, মাদকের বিস্তার এখন শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছেছে। শহরের পাশাপাশি গ্রামেও কিশোর গ্যাং ছড়িয়ে পড়ছে। এ জন্য কিশোরদের এককভাবে দায়ী না করে সমাজব্যবস্থা ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।


শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারি, যোগ্যতার বদলে দলীয় আনুগত্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রভাব বিস্তারের অভিযোগ করেন তিনি। তাঁর মতে, মাদক ও শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারি—দুই দিক থেকেই তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে।


সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের সর্বস্তরে অসৎ নেতৃত্ব সরিয়ে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটের ডাকাত, ষড়যন্ত্রকারী কিংবা ইঞ্জিনিয়ারদের সহযোগিতা করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণকে সংগঠিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, বিপথগামী তরুণদের বুকে টেনে নিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। শুধু জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করলেই হবে না; সমাজের সব তরুণকে কল্যাণ, ন্যায় ও দেশ গঠনের পথে যুক্ত করতে হবে। ডিসেম্বর মাসের কর্মসূচিতে সর্বশক্তি নিয়ে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।


জামায়াতে ইসলামী সহকারী জেনারেল সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর