ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলা


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে দৌলতপুর থানায় এই মামলা দায়ের করা হয়। নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এমপির বাবার বিরুদ্ধে এমন মামলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে নুসরাতের বাবা আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ থেকে ১০ জনকে।


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি জানান, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে এবং দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরীকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে উপপরিদর্শক মহসীন চৌধুরী বলেন, ‘আমাকে মামলা তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে। আপাতত এতটুকু জানি।’


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরবর্তীতে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।


হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।


বাদী এজাহারে আরও জানান, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে জেলও খাটতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।


ইদ্রিস আলী জানান, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে। এই আতঙ্ক থেকেই তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলে তিনি উল্লেখ করেন।


তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক বলে জানি। ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী।’


উল্লেখ্য, এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে নুসরাতসহ এনসিপি নেতারা অভিযোগ করেন। তবে পরদিন বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি। যদিও শুক্রবার কুষ্টিয়ার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, মিটার, কাটআউট ও মেইন সুইচ অক্ষত থাকায় শর্টসার্কিটের কোনো সুযোগ নেই।


এ সম্পর্কিত আরো খবর