কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আট বছর ধরে চিকিৎসক নেই। একই সময় ধরে শূন্য রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকার পদও। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকটও রয়েছে। এতে ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবারের মানুষ সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটি চালু থাকলেও চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্যও যেতে হচ্ছে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন দরিদ্র পরিবারের নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা।
এলাকাবাসী জানান, ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার এই স্বাস্থ্যকেন্দ্রের সেবার ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় সামান্য অসুস্থতার জন্যও তাঁদের দূরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকলে স্থানীয় মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন কোথায়, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।
শুধু চিকিৎসকই নন, আট বছর ধরে পরিবার কল্যাণ পরিদর্শিকার পদটিও শূন্য রয়েছে। অথচ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, গর্ভকালীন পরিচর্যা, স্বাভাবিক প্রসব, পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এই পদটি গুরুত্বপূর্ণ। ফলে পদটি শূন্য থাকায় এসব সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসক ও পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ দিতে হবে। পাশাপাশি নিয়মিত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করে স্বাস্থ্যকেন্দ্রটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে হবে।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া বলেন, উপজেলায় জনবল ও প্রয়োজনীয় মালামালের সংকট রয়েছে। লোহাজুরী ইউনিয়নসহ মাঠপর্যায়ের বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে কেনাকাটা বন্ধ থাকায় প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা যাচ্ছে না। সীমিত জনবল এবং রেশনিংয়ের মাধ্যমে পাওয়া সামগ্রী দিয়েই সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। জনবল নিয়োগের বিষয়টি জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বে রয়েছে।
সেলিম মিয়া আশা প্রকাশ করেন, দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা গেলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে।