ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম ইরানের হামলা মোকাবিলায় সামরিক সতর্কতা বাড়াল ইসরায়েল রাশিয়ায় মূর্তিমান আতঙ্ক বাদামি ভালুক, চলতি বছর কেড়েছে ৩৫ প্রাণ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট হিপার গ্র্যান্ড পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পিনু রহমান হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নেত্রকোনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকসহ ১৮৬ জনের বিরুদ্ধে আরও এক মামলা

গণ-অভ্যুত্থানে হামলা-ভাঙচুর


নেত্রকোনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকসহ ১৮৬ জনের বিরুদ্ধে আরও এক মামলা

  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

বিএনপির কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাবেক এমপি সাজ্জাদুল হাসান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রাব্বানী জব্বারসহ ১৮৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজলু মিয়া বাদী হয়ে বুধবার রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় স্থানীয় থানায় মামলাটি দায়ের করেন। মামলায় দুজন সাংবাদিককেও আসামী করা হয়। 

মামলাটির প্রধান প্রধান আসামীদের মধ্যে রয়েছেন: উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুজ্জামান সিদ্দিকী শোয়েব, খালিয়াজুরী সদর ইউনিযনের সাবেক চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ প্রমুখ। এছাড়া যে দুজন স্থানীয় সাংবাদিককে আসামী করা হয়েছে, তারা হলেন: দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদার ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মৃণাল কান্তি দেব। এর বাইরে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ২০০-২৫০ জনকে।

মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ১৬ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে খালিয়াজুরী উপজেলা বিএনপির কার্যালয়ে দলটির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম সভা চলছিল। এ সময় আসামীরা আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলকারীরা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির কার্যালয়ে গিয়ে সভায় উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালান। তারা ১৫টি মোটরসাইকেল ভাঙচুর ও তিনটি অটোরিক্সায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়াও ঘটনাস্থলের পাশে থাকা জনৈক মিজানুর রহমানের স্টুডিও ও ফাটোস্ট্যাটের দোকান ভাঙচুর করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় উল্লিখিত আসামীদের মধ্যে কয়েকজন ইতিপূর্বে অন্য মামলায় গ্রেফতার হয়ে হাজতে আছেন। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদার ও মৃণাল কান্দি দেব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত নই। আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে অযথা এ মামলায় জড়ানো হয়েছে।’

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর