ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

ইরান যুদ্ধ বছর ধরে চলতে পারে: ট্রাম্পকে সতর্কতা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১২:০০ পিএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও কয়েক বছর ধরে চলতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টারা। এমনকি সংঘাতটি ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময়জুড়েও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তাদের আশঙ্কা, নৌ অবরোধ, নিষেধাজ্ঞা এবং সামরিক অভিযান চালানোর পরও তেহরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করে প্রতিরোধ চালিয়ে যেতে পারে।

 

তবে উপদেষ্টাদের এই ব্যক্তিগত মূল্যায়নের সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে আসছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হয়ে যাবে। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ ‘অবিলম্বে’ শেষ হবে। একই সঙ্গে তার দাবি, ইরান আর বেশি দিন এই চাপ সহ্য করতে পারবে না।

 

চলমান যুদ্ধ ইতোমধ্যে সপ্তম মাসে প্রবেশ করেছে। সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম বেড়ে ৪ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। এক মাস আগে এই দাম ছিল ৪ দশমিক ১ ডলার এবং এক বছর আগে ছিল ৩ দশমিক ১৯ ডলার।

 

ট্রাম্প দ্রুত সমাধানের প্রত্যাশা প্রকাশ করলেও তেহরানের বিরুদ্ধে ব্যাপক অর্থনৈতিক চাপ অব্যাহত রাখছেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই কৌশলকে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, বড় ধরনের স্থল বা সরাসরি সামরিক অভিযান পরিচালনার বিকল্প হিসেবে এই অর্থনৈতিক কৌশল ব্যবহার করা হচ্ছে।

 

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস প্রশাসনের বর্তমান কৌশলের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নৌ অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটির অবশিষ্ট অর্থনীতিকেও দুর্বল করে দিচ্ছেন। তবে তিনি একই সঙ্গে বলেন, ট্রাম্প কখন এবং কী পদক্ষেপ নেবেন, সেটি একমাত্র প্রেসিডেন্টই জানেন।

 

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যুদ্ধ কখন শেষ হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার মতে, এমন একটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশল ও সময়সীমা প্রকাশ করা দায়িত্বশীলতার পরিচয় হবে না, যে দেশ নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করছে না।

 

এদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। কিছু আকাশ প্রতিরক্ষা ইউনিটের মোতায়েনের মেয়াদ নির্দিষ্ট সমাপ্তির তারিখ ছাড়াই বাড়ানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি চলতি শরতে তৃতীয় মেরিন এক্সপেডিশনারি ইউনিট মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

 

ব্রুকিংস ইনস্টিটিউশনের ইরানবিষয়ক বিশেষজ্ঞ সুজান ম্যালোনি মনে করেন, নৌ অবরোধের মাধ্যমে দ্রুত নির্ণায়ক ফল পাওয়ার সম্ভাবনা কম। তার মতে, এই কৌশল কার্যকর করতে হলে দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনার ওপর নির্ভর করতে হবে। তবে এর ফলাফল নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে, বিশেষ করে এর অনাকাঙ্ক্ষিত পরিণতি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি


এ সম্পর্কিত আরো খবর