ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩২ পিএম

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন।

তানভীর সিরাজ জানান, “সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় একটি অপরাধী চক্রের কর্মকাণ্ড ভিডিও ধারণ করায়। অথচ সারজিস আলম প্রকৃত ঘটনা না জেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।”

তিনি আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন এবং ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ৭ আগস্ট সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, “গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজির খবর প্রকাশ করায় আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে আহত করে বিএনপির কর্মীরা।” তিনি আরও লেখেন, “দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তার চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা।” উল্লেখ্য, আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর