ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত ও সুস্থ-সবল হিসেবে গড়ে তুলতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার (২৮ অক্টোবর) বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত 'বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয়
সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন। তিনি বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত মারাত্মক
রোগ প্রতিরোধে খাবার গ্রহণের আগে এবং বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে
ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। ফাস্টফুড খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড
স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি জানান, নিয়মিত হাত পরিষ্কার রাখা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং এই ভালো অভ্যাস
নিয়মিত চর্চার মাধ্যমেই একটি সুস্থ প্রজন্ম গড়ে ওঠে।
অনুষ্ঠানে
ঢাকা শহরের নাগরিক সেবা ও পানি সরবরাহের
এক গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা ওয়াসা বর্তমানে প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে, যার মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ
এবং ২৬ শতাংশ নদীর
পানি শোধন করে সংগ্রহ করা হয়। মাটির নিচের পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং বড় ধরনের ভূমিকম্পের
ঝুঁকি এড়াতে সরকার আগামী ছয় মাস থেকে
এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করার নতুন মেগা প্রকল্প হাতে নিয়েছে।
একই
সঙ্গে তিনি শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন ও সক্রিয় ভূমিকা
রাখার আহ্বান জানান। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন ডির মারাত্মক ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণের পাশাপাশি
পুষ্টির দিকে নজর দেওয়া উচিত এবং সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে।
জনস্বাস্থ্য
প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য
সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালয় আহমাদজাই, ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধি (ওআইসি) ড. রাজেশ নারওয়াল
এবং ইউনিসেফের চিফ অব ওয়াশ মিস্টার
পিটার মেস। অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, ঠাকুরগাঁও উপনির্বাচনে যেমন সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তেমনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোও সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে সরকার। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার
বলেও এ সময় মন্তব্য
করেন তিনি।