ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

. চীনে নোঙর করা বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের গুরুত্বপূর্ণ শিপিং হাব হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী বিশালাকার কার্গো জাহাজে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিশ্চিত করা হয়েছে যে, দেশটির শানডং প্রদেশের কিংদাওয়ে অবস্থিত ‘বেইহাই শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড’-এ মেরামতের জন্য ভেড়ানো লাইবেরিয়ার পতাকাবাহী ওই বাল্ক ক্যারিয়ার জাহাজটিতে হঠাৎ এই আগুন ছড়িয়ে পড়ে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার জাহাজটি থেকে ইতোমধ্যেই ২০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


শিপিং হাবের বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগুন লাগার সময় ১৯০ মিটার (৬২৩ ফুট) দীর্ঘ ওই ‘ওশান মেলোডি’ নামের জাহাজটিতে মোট ৪২ জন আরোহী উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের পর চালানো দ্রুত উদ্ধার অভিযানে আহত ৫ জনসহ মোট ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত ৫ জন আরোহী নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দলের টানা প্রচেষ্টায় স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জাহাজে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


সামুদ্রিক শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ১৯০ মিটার দীর্ঘ এই বাল্ক ক্যারিয়ারটি মেরামতের জন্য বেইহাই শিপবিল্ডিং ইয়ার্ডে ভেড়ানো হয়েছিল। ইয়ার্ডটি মূলত ‘চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন’-এর একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সরাসরি প্রকাশ না করে রাষ্ট্রীয় মাধ্যমে জানানো হয়েছে, জাহাজটিতে সংস্কার বা মেরামতের কাজ চলাকালীন আকস্মিকভাবে এই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাটির ভয়াবহতা বিবেচনা করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে সর্বোচ্চ উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ জাতীয় দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি। প্রেসিডেন্ট শি জিনপিং আরও বলেন, দেশের সব অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে গভীর শিক্ষা নিতে হবে এবং অগ্নিকাণ্ডের যেকোনো ঝুঁকি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তা দূর করার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।


দুর্ঘটনাকবলিত জাহাজটির কাছাকাছি একটি আবাসিক এলাকার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি হঠাৎ করেই জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখলেও কোনো বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাননি। খালি চোখে আগুন দেখা না গেলেও হঠাৎ ধোঁয়া দেখে ইয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সিনহুয়ার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ইয়ার্ডে নোঙর করে রাখা ‘ওশান মেলোডি’ জাহাজের সামনে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ পরিচালনা করছে। উল্লেখ্য, বিশ্বখ্যাত ‘সিংতাও’ বিয়ারের নামানুসারে পরিচিত কিংদাও শহরটি চীনের অন্যতম প্রধান আন্তর্জাতিক সামুদ্রিক কেন্দ্র হিসেবে পরিচিত, যা বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭০০টিরও বেশি আন্তর্জাতিক সমুদ্রবন্দরের সাথে সরাসরি যুক্ত।


চীনে প্রায়ই প্রয়োজনীয় নিরাপত্তা বিধান না মেনে চলার প্রবণতা দেখা যায় এবং এর ফলে গত এক বছরে দেশটিতে বেশ কয়েকটি বড় শিল্প দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে উদ্ধারকারী দলের ১ কর্মী নিহত এবং ১২ জন আহত হন। এর আগে হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জনের মৃত্যুর পর গত বছরের নভেম্বরে চীনে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতে বিশেষ অভিযান শুরু করা হয়েছিল। এছাড়া চলতি বছরের মে মাসে দেশটির মধ্যাঞ্চলের একটি বাজি কারখানায় বিস্ফোরণে ৩৭ জন নিহত হন; যা গত কয়েক বছরের মধ্যে চীনের অন্যতম প্রাণঘাতী শিল্প দুর্ঘটনা হিসেবে চিহ্নিত। এ ছাড়া গত জুলাইয়ে পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন প্রাণ হারান।


এ সম্পর্কিত আরো খবর