বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। একই সঙ্গে মামলায় গ্রেপ্তার হওয়া আরেক ‘বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ।
নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাহসিফের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরবর্তীতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করলে দীপকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। নৌ পুলিশ জানিয়েছে, রিমান্ডে থাকা দীপকে নিয়ে তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে মাদক বিক্রির জন্য পরিচিত টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। দীপ ও দিশাকে রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।