দেশের প্রধান অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মূল চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প এখন তীব্র জ্বালানি সংকটে চরম ঝুঁকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের তীব্র অভাব এবং গ্যাসের নিম্নচাপের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। ফলে সময়মতো পণ্য সরবরাহ করতে না পেরে আন্তর্জাতিক বাজার থেকে একের পর এক রপ্তানি আদেশ হারাচ্ছেন মালিকরা। জাতীয় অর্থনীতির এই ভয়াবহ সংকট কাটাতে এবং তৈরি পোশাক শিল্পকে রক্ষায় জাতীয় সংসদে অবিলম্বে সাধারণ আলোচনার দাবি জানিয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক নোটিশ পেশ করেছে বিরোধী দল।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান সংসদের চতুর্থ অধিবেশনে এই সাধারণ আলোচনার সিদ্ধান্ত চেয়ে নোটিশ জমা দেন।
পেশকৃত নোটিশে উল্লেখ করা হয়, তৈরি পোশাক (আরএমজি) খাত বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান দিয়ে থাকে। দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি এই খাতে কর্মরত আছেন এবং বহু মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের ওপর নির্ভরশীল। যার ফলে তৈরি পোশাক খাতের স্থায়িত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিবিড়তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বর্তমানে তীব্র জ্বালানি সংকট, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে কারখানাগুলোর উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে গেছে।
প্রতিবেদনের বিভিন্ন তথ্যানুযায়ী, কারখানাগুলোর উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার কারণে বিদেশি ক্রেতারা তাদের আন্তর্জাতিক ক্রয়াদেশ বাতিল করতে বাধ্য হচ্ছেন। এতে শিল্প মালিকরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও নিরাপত্তা ঝুঁকি চরম হুমকির মুখে পড়ছে।
জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে নোটিশে বলা হয়, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার বর্ধিত ব্যয় এবং কর্মক্ষেত্রের নানা বৈষম্য দূর করার দাবিতে আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সুসংগঠিত আলোচনা ব্যর্থ হচ্ছে এবং বাধ্য হয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিচ্ছে। নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয় যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে একে কেন্দ্র করে বাংলাদেশকে রাজনৈতিকভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা চালানো হতে পারে।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে। তাই শ্রমিকদের অধিকারের প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ ছাড়া বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য প্রাপ্ত তিন বছরের সময়সীমাকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর নোটিশে জোর দেওয়া হয়। পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত জরুরি। তাই জাতীয় অর্থনীতি ও দেশের কর্মসংস্থান বাঁচাতে অবিলম্বে জাতীয় সংসদে একটি বিস্তারিত সাধারণ আলোচনার জোর দাবি জানানো হয়।