ভূরাজনৈতিক
ও সামরিক উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষাব্যবস্থায় নিজেদের অদম্য শক্তির জানান দিতে বিশাল আকৃতির একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ সূত্রে প্রাপ্ত তথ্যমতে, অত্যন্ত সুরক্ষিত এই আধুনিক কৌশলগত
সামরিক স্থাপনাটিতে বিভিন্ন পাল্লার সর্বাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের
বিশাল সম্ভারের পাশাপাশি দ্রুত উৎক্ষেপণ নিশ্চিত করার জন্য বহুস্তরের আধুনিক লঞ্চিং সুবিধা প্রদর্শন করা হয়েছে।
এক
জমকালো উন্মোচন অনুষ্ঠানে মাটির গভীরে অবস্থিত এই বিশাল ক্ষেপণাস্ত্র
নগরীতে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর
জেনারেল আলি আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। জ্যেষ্ঠ এসব সেনাকর্তারা বিশেষ সামরিক যানে চড়ে সম্পূর্ণ সুড়ঙ্গ পথ পরিভ্রমণ করেন
এবং সুড়ঙ্গের দুই পাশে রাখা বিপুল পরিমাণ আধুনিক ক্ষেপণাস্ত্র ও তার উৎক্ষেপণপ্রযুক্তি
পর্যবেক্ষণ করেন।
এর
আগে বিশেষ এক প্রেস বার্তায়
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন যে, মহাকাশ বাহিনীর বিশেষ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শিগগিরই একটি নতুন ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র নগরী এবং আরও বেশ কয়েকটি গোপন সামরিক প্রযুক্তি প্রকাশ্যে আনা হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, শত্রুপক্ষের সম্ভাব্য বিমান বা বিমানঘাঁটিভিত্তিক হামলা এড়াতে
আইআরজিসির মহাকাশ বাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের ক্ষেপণাস্ত্র ও উন্নত ড্রোন
উৎপাদনের সকল কারখানা ভূপৃষ্ঠের সাধারণ স্থাপনা থেকে সম্পূর্ণ সুরক্ষিত ভূগর্ভস্থ কেন্দ্রগুলোতে স্থানান্তর করেছে।
জেনারেল
মোহেব্বি আরও জোর দিয়ে বলেন, তাদের এই বিশাল ভূগর্ভস্থ
কাজ কেবল মাটির গভীরে তৈরি অস্ত্র সংরক্ষণাগার বা গুদাম নির্মাণের
মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং তারা মাটির শত শত ফুট
নিচে স্বয়ংসম্পূর্ণ ‘ক্ষেপণাস্ত্র উৎপাদন নগরী’ গড়ে তুলেছেন। ইরানের নিজস্ব আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, বিস্তৃত পাহাড়ীয় ভূখণ্ড ও নমনীয় শিল্প
অবকাঠামোর কারণে বৈরী শক্তিগুলোর ব্যাপক বোমাবর্ষণ কিংবা তীব্র হামলার মধ্যেও তাদের এই দূরপাল্লার অস্ত্র
উৎপাদন ও উৎক্ষেপণ কার্যক্রম
সম্পূর্ণ নিরবচ্ছিন্নভাবে চালিয়েই যাওয়া সম্ভব হবে।