মো: বাকি অনিক, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার ঐতিহ্যবাহী সারদা পুকুর দখল ও দূষণের কবলে পড়ে ক্রমেই হারাতে বসেছে তার স্বাভাবিক পরিবেশ। একইসময় নগরীর গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে পরিচিত এই পুকুরটি বর্তমানে চারপাশের বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও বিভিন্ন বর্জ্য ফেলার কারণে দূষণের শিকার হচ্ছে। এতে পুকুরের পানি দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের পরিবেশেও ছড়াচ্ছে দুর্গন্ধ।
স্থানীয়দের অভিযোগ, পুকুরের চারপাশে যত্রতত্র গৃহস্থালি বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে এটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে। পাশাপাশি পুকুরের জায়গা দখলের অভিযোগও রয়েছে। ফলে একদিকে জলাধারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তৈরি হচ্ছে ঝুঁকি।
এলাকাবাসীর আশঙ্কা, এভাবে দীর্ঘদিন চলতে থাকলে একসময়ের ঐতিহ্যবাহী সারদা পুকুর তার স্বাভাবিক জলাধারের বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। জলাধারটি দূষণের কারণে জলজ পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
পরিবেশ সচেতন মহলের মতে, নগরীর প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, বৃষ্টির পানি ধারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুরের গুরুত্ব অপরিসীম। তাই সারদা পুকুর রক্ষায় অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ, সীমানা নির্ধারণ, পুকুরে বর্জ্য ফেলা বন্ধ এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সারদা পুকুরের সঠিক সীমানা নির্ধারণ, দখলমুক্তকরণ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নগরবাসীর প্রশ্ন—কুমিল্লার ঐতিহ্যবাহী সারদা পুকুরকে দখল ও দূষণের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কবে দৃশ্যমান হবে নাকি অবহেলা ও দূষণের কারণে হারিয়ে যাবে নগরীর আরেকটি ঐতিহ্যবাহী জলাধার???