ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ শুনানি আজ ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক প্রয়াণে কূটনৈতিক মহলে শোক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ দৌলতপুরে এনসিপি নেত্রী ও এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন রিয়াদ ও দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত: সংসদে ডা. শফিকুর রহমান বাংলাদেশ পুলিশের এএসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি কপ-৩১ এর সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র সহিংসতায় ৩১৬ জনের প্রাণহানি

ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০ ছানা হত্যা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ সময় : ৩:৩৭ পিএম

ঢাকা টুডে ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির প্রায় ২৫ থেকে ৩০টি ছানা মেরে ফেলার অভিযোগ উঠেছে। একই ঘটনায় ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার সংলগ্ন ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, বাছা মিয়া নামের এক ব্যক্তি তার ফসলি জমির ধান বাবুই পাখি খেয়ে ফেলেছে—এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে পাখির বাসাগুলো ভেঙে ফেলেন। এরপর বাসার ভেতরে থাকা ছানাগুলো মারা যায়।

খবর পেয়ে বুধবার (১৫ এপ্রিল) ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাছা মিয়া (৪৮) পোপাদিয়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি বাবুই পাখির ২২টি বাসা ভেঙে ফেলেন, যার ভেতরে থাকা ছোট ছোট ২৫ থেকে ৩০টি ছানা মারা যায় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, ‘দেশীয় বাবুই পাখির বাসা ভাঙার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অভিযোগ করেছেন যে তার ধানের ক্ষতি করছিল পাখিগুলো। এ কারণে তিনি ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেন। পরে বাসাগুলোর ভেতরে ২৫ থেকে ৩০টি পাখির ছানা পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবেশবিদ ও সচেতন মহল বলছেন, বাবুই পাখি দেশের একটি গুরুত্বপূর্ণ ও উপকারী প্রজাতি। তাদের বাসা ভাঙা এবং ছানা হত্যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, বাবুই পাখি সাধারণত ধানক্ষেতে ক্ষতিকর পোকামাকড় দমন করে কৃষকের উপকার করে। তাই এ ধরনের ঘটনা শুধু নিষ্ঠুরতাই নয়, কৃষি ও পরিবেশের জন্যও ক্ষতিকর।



এ সম্পর্কিত আরো খবর