ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ২৭ মে, ২০২৬ সময় : ৩:১০ এএম

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিক্যাল কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো মো. আরাফাত মল্লিক ও আকাশ। আরাফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে এবং ঢাকার একটি মাদরাসার ছাত্র। অন্যদিকে আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে এবং বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহত আকাশের চাচা মাসুদ জানান, আকাশ পরিবারসহ বরিশাল নগরের বান্দরোড এলাকার চরের বাড়িতে বসবাস করতেন। দুপুরের দিকে পরিবারের অজান্তে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় যে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে নিহত আরাফাত মল্লিকের মামা সুরুজ জানান, আরাফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। কোরবানির ঈদ উপলক্ষে সে সোমবার ঢাকায় থেকে বরিশালে মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে আকাশ বাসা থেকে বের হওয়ার পর আরাফাতও তার সঙ্গে ছিল বলে জানা যায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে তারা গোসল করার উদ্দেশ্যে মেডিক্যাল কলেজের দিঘিতে গিয়েছিল। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা দিঘিতে মরদেহ দেখতে পান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালিয়ে দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, দিঘির চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দিঘি ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে এবং দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারগুলোতে চলছে শোকের মাতম।


এ সম্পর্কিত আরো খবর