ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস সাউন্ড গ্রেনেড নিক্ষেপে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।। মীর শাহে আলম

নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৪:৪৯ পিএম

নোয়াখালীর চাটখিলে নিখোঁজ হওয়ার দীর্ঘ ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামের এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বপরিকল্পিতভাবে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘরের ভেতরে মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত মোহাম্মদ রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন এবং আসন্ন কমিটিতে নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। দাম্পত্য জীবনে তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে, যারা মায়ের সঙ্গে বিচ্ছেদের পর বাবার কাছেই থাকত। অভিযোগ রয়েছে, গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে পুনরায় সংসার করার লোভ ও প্রলোভন দেখিয়ে রাসেলকে তাঁর শ্বশুরবাড়িতে ডেকে নেন স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। ওই রাতের পর থেকেই রাসেল রহস্যজনকভাবে নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে হণ্য হয়ে খুঁজেও তাঁর কোনো সন্ধান না পেয়ে পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পরপরই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সকল সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যান।


ঘটনার বিবরণ দিয়ে চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানান, দীর্ঘদিন ধরে রাসেলের কোনো সন্ধান না মেলায় বুধবার রাতে শ্রমিকদলের স্থানীয় নেতাদের নিয়ে তিনি থানায় যান। পরবর্তীতে পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা রাসেলের শ্বশুরবাড়িতে যান। বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়িটির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের মনে চরম সন্দেহের সৃষ্টি হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। হত্যাকারীরা মরদেহটি মাটির নিচে পুঁতে ওপর দিয়ে পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রেখেছিল। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি লোহার রডও উদ্ধার করেছে।


একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলেকে অত্যন্ত পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর