ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,  ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপির বাড়িতে আগুনে পেট্রলবোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার সারদা পুকুর বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিকদল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার আমার বাড়িতে হামলা চালিয়ে লাভ নেই, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে: নুসরাত তাবাসসুম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী প্রাথমিক স্তরের বই ছাপায় বাড়ছে ২৩ কোটি টাকা ব্যয় বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা, ডিসেম্বরের আগেই শুরু হচ্ছে পাঠানো এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের আরও এক পরকীয়া সম্পর্ক ফাঁস

এমপির বাড়িতে আগুনে পেট্রলবোমার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী


সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬ সময় : ৬:০০ পিএম

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে পেট্রলবোমা বা নাশকতার কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে তিনি জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


সংসদে ঘটনার বিস্তারিত বিবরণ উপস্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ভারত সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, সেখান থেকে মাত্র ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তাঁর বাবা-মা অবস্থান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মূলত ওই টিনশেড বাড়িতে নিয়মিত কেউ বসবাস করতেন না; সেখানে কেবল দুটি ছাগল এবং কিছু আসবাবপত্র রাখা ছিল।


ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ এবং বেসামরিক প্রশাসনকে নিয়ে একটি সমন্বিত যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা ও ঘটনাস্থলের আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রলবোমা বিস্ফোরণের মতো কোনো বিকট শব্দ কিংবা ঘরের দেয়ালে পেট্রলবোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এমনকি প্রত্যক্ষদর্শী বা কোনো সাক্ষীও পেট্রলবোমা ব্যবহারের কোনো তথ্য দেননি। ঘটনাস্থলের ছবি, দেয়ালের অবস্থা এবং অন্যান্য পারিপার্শ্বিক আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে চূড়ান্ত বিষয়টি সম্পূর্ণ তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও জানান, কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল, যা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। অধিকতর তদন্তে এই ঘটনার নেপথ্যে কারও কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এ সম্পর্কিত আরো খবর