ম্যাটের লড়াইয়ে প্রতিপক্ষকে পাত্তাই দিল না বাংলাদেশ আনসার ও ভিডিপি। শক্তির প্রদর্শনী আর কৌশলের নিপুণ মিশেলে অনন্য নজির গড়ে জিতেছে দেশের কুস্তি শ্রেষ্ঠত্বের মুকুট। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দলগত চ্যাম্পিয়ন হয়ে ঐতিহাসিক দ্বিমুকুট নিজেদের করে নিয়েছে এই বাহিনী।
১০ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ১৪১ জন কুস্তিগীর অংশ নেন। পুরুষ বিভাগে ৮৪ জন কুস্তিগীরের ১০টি ওজন শ্রেণির লড়াইয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব অর্জন করে আনসার-ভিডিপি। এই বিভাগে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। অন্যদিকে, নারী বিভাগের ১০টি ওজন শ্রেণিতে ৫৭ জন কুস্তিগীরের লড়াইয়েও অপ্রতিরোধ্য ছিলেন আনসারের মেয়েরা। তারা ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে দুর্দান্ত সাফল্য নিশ্চিত করেন। সবমিলিয়ে এই আসরে ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক অর্জন করে কুস্তি অঙ্গনে নিজেদের একক আধিপত্য বজায় রাখলো বাংলাদেশ আনসার ও ভিডিপি।
এই অভাবনীয় সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়। গত দুই বছরের বেশি সময়ে খেলোয়াড়দের উন্নত অনুশীলন সুবিধাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নিজ দপ্তরে ডেকে সরাসরি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। মহাপরিচালকের এই নিবিড় তত্ত্বাবধান ও দিকনির্দেশনাই ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আনসার-ভিডিপি ক্রীড়াদল আগামীতেও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।