ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগদান


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৫৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে অন্তর্ভুক্ত হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আলহাজ মো. রফিকুল ইসলাম সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। সাক্ষাৎকালে তিনি জামায়াতে ইসলামী নীতি ও আদর্শ, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করে দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় জানান। পাশাপাশি দলের নিয়ম-নীতি, আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসেন, ভৈরব পৌরসভা জামায়াতের আমীর শাহজাহান সরকারসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

আলহাজ মো. রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা হওয়ার পাশাপাশি একজন প্রজ্ঞাবান শিক্ষানুরাগী, সমাজসংস্কারক ও উন্নয়নকর্মী হিসেবে সুপরিচিত। ষাটের দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। তিনি হাজী আসমত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ডাকসুর নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি কুলিয়ারচর–ভৈরব–কিশোরগঞ্জ এলাকায় সরাসরি সশস্ত্র অপারেশনে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেন, মুর্শিদ–মুজিব উচ্চ বিদ্যালয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ ও হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসাসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয়।

স্থানীয়ভাবে তিনি ভৈরব অঞ্চলের শিক্ষা ও সমাজ উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। তার এই রাজনৈতিক সিদ্ধান্ত বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি করেছে।


এ সম্পর্কিত আরো খবর