বিনোদন ডেস্ক
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বলিউডে কাজের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার ‘রাকা’ সিনেমার ঝলকে ভক্তরা মুগ্ধ হয়েছেন। নতুন এই সিনেমার বড় একটি অংশের শুটিং মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যেই ‘পুষ্পা’ খ্যাত এই তারকা মুম্বাইতে নিজের জন্য বিলাসবহুল একটি আবাসিক ঠিকানা নিয়েছেন।
কাজের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তিনি মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে সমুদ্রের দিকমুখী একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফ্ল্যাটটির আয়তন প্রায় ৬ হাজার বর্গফুট। এতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, আধুনিক ইন্টেরিয়র এবং চারটি গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা।
জানা গেছে, এই রাজকীয় ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা ভাড়া গুনতে হচ্ছে আল্লু অর্জুনকে। তিন বছরের চুক্তিতে তিনি এই ফ্ল্যাটটি নিয়েছেন। এত বড় অঙ্কের মাসিক ভাড়া নিয়েই এখন আলোচনায় রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
মুম্বাইয়ে আল্লু অর্জুনের নতুন ঠিকানা নেওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করেন, তিনি হয়তো হায়দরাবাদ ছেড়ে স্থায়ীভাবে মুম্বাইয়ে চলে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বাবা ও প্রযোজক আল্লু অরবিন্দ।
তিনি স্পষ্ট করে বলেন, এটি শুধুই শুটিংয়ের প্রয়োজনে নেওয়া ব্যবস্থা। আল্লু অরবিন্দ জানান, “ছেলের বর্তমান সিনেমার শুটিং মুম্বাইতে হচ্ছে, তাই হয়তো এমন আলোচনা হচ্ছে। কিন্তু হায়দরাবাদই ওর আসল জায়গা। ওর সন্তানরা সেখানে পড়াশোনা করে, পরিবারও সেখানেই থাকে। তাই স্থায়ীভাবে মুম্বাইয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।”
শুধু ‘রাকা’ নয়, পরিচালক লোকেশ কনগরাজের পরবর্তী সিনেমাতেও আল্লু অর্জুন যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই প্রকল্পের শুটিংও মুম্বাইকেন্দ্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েক বছর তার মুম্বাইয়ে যাতায়াত ও অবস্থান আরও বাড়বে।
এই কারণেই কাজের সুবিধা ও শুটিং ব্যবস্থাপনা সহজ করতে তিনি এই বিলাসবহুল ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন আল্লু অর্জুন, যিনি ‘পুষ্পা’ সিরিজের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
তার নতুন এই পদক্ষেপকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি চলচ্চিত্র অঙ্গনেও বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।