ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দুই বছর পর ঈদের সিনেমায় ফিরলেন বিদ্যা সিনহা মিম


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ জুন, ২০২৬ সময় : ৮:৪১ পিএম

দুই বছরের বিরতির পর এবারের ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মালিক’-এ তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া, দীর্ঘ বিরতি, চরিত্রের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। দর্শকের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর আবারও ঈদের সিনেমায় ফেরার অনুভূতি জানাতে গিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, দুই বছরের এই বিরতি তাঁর কাছে অনেক দীর্ঘ সময় মনে হয়েছে। এই সময়ে দর্শকরা বারবার জানতে চেয়েছেন তাঁর নতুন সিনেমা কবে আসবে। নানা কারণে কাজ করা না হলেও দর্শকের অপেক্ষা ও আগ্রহ তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে। এবারের ঈদে ‘মালিক’ নিয়ে পর্দায় ফিরতে পেরে তিনি দারুণ খুশি। তাঁর মতে, দর্শকের ভালোবাসা ও ইতিবাচক সাড়া প্রমাণ করছে দীর্ঘ অপেক্ষা সার্থক হয়েছে।

নতুন সিনেমা না করার কারণ প্রসঙ্গে তিনি জানান, কাজের প্রস্তাব কম ছিল না। তবে তিনি সবসময় গল্প, চরিত্র এবং পুরো প্রজেক্ট বিবেচনা করেই সিদ্ধান্ত নেন। যে ধরনের কাজ তিনি করতে চেয়েছেন, তার সঙ্গে বেশিরভাগ প্রস্তাবের মিল না থাকায় অপেক্ষা করতে হয়েছে। তাঁর বিশ্বাস, শুধুমাত্র পর্দায় উপস্থিত থাকার জন্য কাজ করা উচিত নয়; বরং এমন কাজ করা উচিত যা দর্শকের মনে দীর্ঘদিন থেকে যায়।


‘মালিক’ সিনেমায় যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এটি ঈদের জন্য পরিকল্পিত একটি বড় প্রজেক্ট হিসেবে জানানো হয়েছিল। অ্যাকশন ঘরানার গল্প এবং ভিন্নধর্মী চরিত্র তাঁকে আকৃষ্ট করে। পাশাপাশি আরিফিন শুভর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল একটি বড় কারণ। সব মিলিয়ে তিনি মনে করেন, এই সিনেমাটি তাঁকে নতুনভাবে দর্শকের সামনে উপস্থাপন করবে।

সিনেমায় তাঁর চরিত্র ‘মায়া’ নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যা সিনহা মিম জানান, চরিত্রটি তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। মায়ার মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। একদিকে সে চঞ্চল ও প্রাণবন্ত, অন্যদিকে তার ভেতরে রয়েছে ভিন্ন একটি গভীর দিক। চরিত্রটির একাধিক স্তর থাকায় অভিনয়ের সুযোগও ছিল অনেক। বাস্তব জীবনের সঙ্গে এই চরিত্রের খুব বেশি মিল না থাকায় আলাদা প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। কয়েক মাস রিহার্সালের মাধ্যমে তিনি চরিত্রটিতে নিজেকে তৈরি করেন।

নিজের করা চরিত্রকে কত নম্বর দেবেন—এমন প্রশ্নে তিনি বলেন, এটি তাঁর নিজের কাজ, তাই তিনি পূর্ণ নম্বর দিতে চান। তবে প্রকৃত মূল্যায়ন করবেন দর্শক। দর্শক যদি চরিত্রটি গ্রহণ করেন, সেটাই তাঁর জন্য সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি।

আরিফিন শুভর সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও ‘তারকাঁটা’ ও ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ফলে কাজের বোঝাপড়া ভালো। দর্শক তাঁদের জুটিকে গ্রহণ করায় এবারও ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে, যা একজন অভিনেত্রী হিসেবে তাঁর জন্য আনন্দের বিষয়।

ঈদের দিন থেকেই বিভিন্ন সিনেমা হলে ‘মালিক’ দেখতে গিয়ে দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। তাঁর মতে, দর্শকের প্রতিক্রিয়া সরাসরি জানা একজন শিল্পীর জন্য অসাধারণ অনুভূতি। দর্শকরা সিনেমা উপভোগ করছেন, ছবি তুলছেন এবং মতামত দিচ্ছেন—এগুলো তাঁকে আরও অনুপ্রাণিত করছে।

‘পরাণ’ সিনেমার পর আবার ঈদের বড় পর্দায় ফেরা নিয়ে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, দর্শকরা তুলনা করবেন এটাই স্বাভাবিক। তবে ‘মালিক’ সম্পূর্ণ ভিন্ন গল্প ও চরিত্রের সিনেমা। তাই তিনি চান দর্শক প্রতিটি কাজকে আলাদা জায়গা থেকে মূল্যায়ন করুন।

বাংলাদেশের সিনেমার বর্তমান পরিবর্তন নিয়েও আশাবাদ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর মতে, এখন দর্শকরা আবার হলে গিয়ে সিনেমা দেখছেন, আলোচনা করছেন। নির্মাতারাও নতুন গল্প বলার চেষ্টা করছেন এবং প্রযুক্তিগত উন্নতিও হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো দর্শকের ভালো কনটেন্টের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, তিনি সবসময় ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চান। সংখ্যার চেয়ে মানকে বেশি গুরুত্ব দেন। এমন গল্পে কাজ করতে চান যেখানে অভিনয়ের সুযোগ থাকবে এবং দর্শক নতুন কিছু খুঁজে পাবেন।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, দীর্ঘ বিরতির পরও তাঁকে যে ভালোবাসা দিয়েছেন দর্শক, তা তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আশা করেন সবাই পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করবেন।


এ সম্পর্কিত আরো খবর