বিনোদন
ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০base২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে। চলচ্চিত্র অঙ্গনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দাপুটে অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। দীর্ঘ সময় ধরে ভোট গণনা শেষে আজ শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে গতকাল শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় সব ব্যালট বাক্স সিলগালা করে কঠোর নিরাপত্তার মধ্যে গণনা শুরু করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিএফডিসিতে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন শিল্পী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে ভোট গণনা শেষে ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদের মহালড়াইয়ে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। এবারের নির্বাচনে মূলত দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল; যার একদিকে ছিল আরমান–মুক্তি পরিষদ এবং অন্যদিকে ছিল শিবা শানু–জয় চৌধুরী পরিষদ।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি পদে ২৬০ ভোট পেয়ে ডিএ তায়েব এবং ২১৬ ভোট পেয়ে ইলিয়াস কোবরা নির্বাচিত হয়েছেন। এই পদে নূতন ২০৪ ভোট এবং রোজিনা ১৫২ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সনি রহমান এবং তাঁর বিপরীতে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির ২৭২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী পপি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর এবং রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।
সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। এই পদে অন্য দুই প্রার্থী মুশফিকুল জামিল ১১৮ ভোট এবং ইউসুফ খান ৭২ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল এবং তাঁর প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট। এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে সাধারণ শিল্পীদের ভোটে বিজয়ী হয়েছেন ১১ জন তারকা। তাঁরা হলেন— আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।
বিগত কয়েক সপ্তাহ ধরেই এই নির্বাচনকে কেন্দ্র করে রূপালী জগতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নির্বাচনের আগে তারকাদের রঙিন প্রচার-প্রচারণা, জমকালো প্যানেল পরিচিতি সভা এবং ভোটারদের সাথে নানা মতবিনিময়ের মধ্য দিয়ে সরগরম ছিল পুরো এফডিসি পাড়া। শেষ পর্যন্ত নতুন কমিটির কাঁধে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সুরক্ষার দায়িত্ব অর্পিত হলো।
আকাশজমিন / আরআর