ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৭:৫০ পিএম

দাফনের আড়াই বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের বরকাউ গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইমন হোসেনের (৪২) লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৯ জুলাই) কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহানের তত্ত্বাবধানে আনসার, রূপগঞ্জ থানা পুলিশ, ঢাকা জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে কালনী এলাকার পূর্বাচলের কেন্দ্রীয় কবরস্থান থেকে তাঁর লাশ উত্তোলন করা হয়। নিহত ইমন হোসেনের পিতা মজিবুর রহমানের দায়ের করা হত্যা মামলার প্রেক্ষিতে ওই প্রবাসীর লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের খবরে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে পূর্বাচলের বরকাউ গ্রামের মজিবুর রহমানের ছেলে ইমন হোসেনের (৪২) সঙ্গে রাজধানীর কেরানীগঞ্জ থানার পূর্ব মুগারচর গ্রামের হযরত আলীর মেয়ে রানু আক্তারের (৩২) বিয়ে হয়। বর্তমানে তাঁদের সংসারে ছেলে রাহাত মিয়া ও মেয়ে ইসরাত জাহান রয়েছে। গত ৪-৫ বছর ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই মধ্যে ইমন হোসেন মালয়েশিয়ায় চলে যান।

২০২৪ সালের ১৮ জানুয়ারি ইমন হোসেন মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। ১৯ জানুয়ারি তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মহাখালী কলেরা হাসপাতালে ভর্তি হন। ২০ জানুয়ারি দুপুর আড়াইটায় ইমন হোসেন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে একই দিনে সন্ধ্যায় তাঁর লাশ কালনী এলাকার পূর্বাচলের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ২০২৪ সালের ২২ এপ্রিল ইমন হোসেনের পিতা বাদী হয়ে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়ে ইমন হোসেনকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে ঢাকা জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় ইমন হোসেনের স্ত্রী রানু আক্তার (৩২), শ্বশুর হযরত আলী (৬০), শাশুড়ি পিয়ারা বেগম (৫২) ও শ্যালক ভুলু মিয়াকে (২৮) আসামি করা হয়। কেরানীগঞ্জ থানার সিআর মামলা নং-৩২৩/২০২৪ ও দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আদালত বিষয়টি আমলে নিয়ে লাশ উত্তোলনসহ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করছে।

মামলার বাদী মজিবুর রহমান অভিযোগ করে বলেন, "পারিবারিক কলহের জের ধরে ও ইমন হোসেনের অর্থ-সম্পদ হাতিয়ে নিতে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।"

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান বলেন, "আদালতের নির্দেশে ইমন হোসেনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"


এ সম্পর্কিত আরো খবর