কিশোরগঞ্জ ব্যুরো
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মো. হেলিম মিয়া (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বৈরাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলিম মিয়া উপজেলার গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বাসিন্দা মো. মুসলিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ছয়টার দিকে বৈরাটিপাড়া গ্রামে নিহত হেলিম মিয়াসহ মোট ৮ জন শ্রমিক স্থানীয় আল ইসলাম নামে এক ব্যক্তির জমিতে ধনিয়া পাতা সংগ্রহের কাজ করছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হলে সরাসরি তা কাজের জমিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই হেলিম মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে কাজ করা খোকন নামে অন্য এক কৃষি শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা। তিনি বজ্রপাতে প্রাণ হারানো নিহত কৃষি শ্রমিক মো. হেলিম মিয়ার পরিবারকে সরকারিভাবে আর্থিক ও মানবিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।