সোহাগ মাতুব্বর, (ভাঙ্গা) ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় ঘরের পেঁয়াজ সংরক্ষণের মাচা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে সামিউল আলম (১০) নামের ৫ম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী গ্রামে নিজ বসতঘরে পেঁয়াজের মাচায় ওঠার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল আলম ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং স্থানীয় জিনিয়াস জো ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, সকালে ঘরে রক্ষিত পেঁয়াজের অবস্থা পরীক্ষা করতে মাচার ওপর ওঠে সামিউল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে নিচে পড়ে মারাত্মক আহত হয়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অস্মিতা দাস জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।