নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন, রূপসী, কাহিনা, মৈকুলী ও খিদিরপুর এলাকার ৩২টি জামে মসজিদভিত্তিক সমাজের জামিয়া মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসা ও কবরস্থানের বেদখল হয়ে যাওয়া ১৫ শতাংশ ওয়াকফকৃত জমি উদ্ধারের দাবিতে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এলাকাবাসী এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদানের সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল আল আমিনসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, “রূপগঞ্জের তারাবো পৌরসভার জামিয়া মনিরউদ্দিন ব্যাপারী কওমি মাদ্রাসা ও কবরস্থানের খাদুন মৌজার এস.এ দাগ নম্বর ৩৮০ এবং আর.এস ৪৫১ নম্বর দাগের ১৫ শতাংশ মূল্যবান জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বেদখল হয়ে রয়েছে। এই ওয়াকফকৃত জমি অবিলম্বে পুনরুদ্ধার করে প্রতিষ্ঠানের নামে বুঝিয়ে দেওয়া জরুরি।”
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম আশ্বাস দিয়ে বলেন, “মাদ্রাসা ও কবরস্থানের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য সরেজমিনে সুষ্ঠু তদন্ত পরিচালনা করে আইনানুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”