ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর পর 'আওয়ারাপান ২': মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৬:০০ পিএম

২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তরুণ পরিচালক মোহিত সুরির অ্যাকশন-ড্রামাধর্মী সিনেমা ‘আওয়ারাপান’। মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়ালেও বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। ১৮ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি সে সময় বক্স অফিস থেকে মাত্র ৮ কোটি রুপি আয় করতে সক্ষম হয়, যার ফলে ব্যবসায়িকভাবে এটিকে ‘ডিজাস্টার’ হিসেবে ঘোষণা করা হয়। তবে বক্স অফিসে ব্যর্থ হলেও সময়ের পরিক্রমায় সিনেমাটির গান ও গল্প তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করে এবং তা একটি কাল্ট ক্লাসিকের মর্যাদা পায়।


দীর্ঘ ১৯ বছর পর সেই ইতিহাস ও দর্শকদের নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’। আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী শুরুর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নজিরবিহীন সাড়া ফেলে নতুন রেকর্ড গড়ার পথে হাঁটছে এটি।


আন্তর্জাতিক বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক এবং ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে প্রথম সিনেমার মোট আয়ের দ্বিগুণেরও বেশি আয় করে ফেলেছে ‘আওয়ারাপান ২’। সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং শুরুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। মুক্তির প্রথম দিনের জন্যই কেবল অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি রুপি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিনের টিকিট বিক্রির অঙ্ক ইতোমধ্যে ৯ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা প্রথম সিনেমাটির পুরো আয়কে পেছনে ফেলেছে।


চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, অগ্রিম টিকিট না কেটেও অসংখ্য দর্শক সরাসরি হলে গিয়ে সিনেমা দেখেন। সেই হিসাবে মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপান ২’-এর উদ্বোধনী আয় ২০ কোটি রুপি স্পর্শ করতে পারে। যদি তা সত্য হয়, তবে এটি হবে বলিউড তারকা ইমরান হাশমির অভিনয় জীবনের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। একই সাথে চলতি বছরে বলিউডের অন্যতম শীর্ষ উদ্বোধনী আয়ের তালিকায় জায়গা করে নেবে সিনেমাটি।


আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটিকে কেন্দ্র করে বক্স অফিসে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটিও মুক্তি পাচ্ছে। তবে অগ্রিম টিকিটের অভূতপূর্ব সাড়া দেখে বিশ্লেষকরা ধারণা করছেন, ব্যবসায়ের দৌড়ে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’-ই এগিয়ে থাকবে।


নীতিন কক্কর পরিচালিত ৪৫ কোটি রুপি বাজেটের এই সিনেমায় ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি। দর্শকদের যে মাত্রায় আগ্রহ পরিলক্ষিত হচ্ছে, তাতে প্রথম সপ্তাহান্তেই সিনেমার পুরো নির্মাণ খরচ উঠে আসবে বলে আশা করছেন প্রযোজকরা।


এ সম্পর্কিত আরো খবর