পানি সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে নিজেদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিসহ সমগ্র দেশবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি।
আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এমপি।
সভায় উপস্থিত পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি জানান, মন্ত্রণালয়ের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি চিরতরে নির্মূল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিকে সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ কাজ পরিচালনা করার আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী দেশের জলবায়ুজনিত খরা ও বন্যা কবলিত এলাকার পানিসংকটের টেকসই এবং সহজ সমাধান উপস্থাপন করেন। একই সাথে তিনি পানি সম্পদ মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে বিগত দিনগুলোতে ঘটে যাওয়া নানা দুর্নীতির তথ্য-প্রমাণ তুলে ধরেন। এর মধ্যে হাওরাঞ্চলে নদী ও বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি, পাবনা পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজ সম্পাদন না করেই বিপুল পরিমাণ টাকা হরিলুট, বগুড়া জেলায় শত শত কোটি টাকার দুর্নীতি, মেগা প্রকল্পগুলোতে সংঘটিত মেগা দুর্নীতি এবং ১১টি চিহ্নিত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের চিত্র লিখিতভাবে উপস্থাপন করা হয়।
তিনি আরও তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব নাজমুল আহসানের ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন দুর্নীতির বিবরণ, স্বজনপ্রীতি ও জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়। এছাড়া দেশের মানুষের জন্য বরাদ্দকৃত বিশুদ্ধ ও সুপেয় পানি তহবিলের প্রায় ২৬ শতাংশ অর্থের অপচয়ের বিষয়েও লিখিত গুরুতর অভিযোগ এনে তা সভার টেবিলে উপস্থাপন করেন।
উক্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ কাইয়ুম রেজা চৌধুরী, ডঃ জমিরুল আকতার, ঐতিহাসিক উনসত্তরের গণঅভ্যুত্থানের অমর শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব ডঃ আব্দুল হক তালুকদার, এবং মজলুম জননেতা মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী।
এছাড়া প্রতিনিধি দলে আরও যুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ও পানি বিশেষজ্ঞ ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, মহান মুক্তিযুদ্ধের বীর গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. প্রকৌশলী লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম, কবি কাজী আলমসহ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।