ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে কাটা পড়ল ব্যবসায়ীর মাথা রেস্তোরাঁয় 'ডোরি ফিশ' বলে পরিবেশন করা হচ্ছে পাঙাশ টিসিবি থেকে বাদ ৫৯ লাখ সুবিধাভোগী, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনা নিজস্ব প্রযুক্তিতে চাঁদে অভিযানের মহাকাশযান তৈরি করল তুরস্ক মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা মেনে নেওয়া হবে না: জামায়াত আমির একদিনে ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪ গুলশানসহ ঢাকার সব লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে হবে: হাবিব সন্ত্রাস দমনে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান

মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৪৮ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অন্যত্র নেওয়ার অভিযোগে চালভর্তি একটি পিকআপ আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ডিলার জাহাঙ্গীর ভূঁইয়া শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পিকআপটি আটক করা হয়। আটক করা গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫।


স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত রহমউদ্দিন ভূঁইয়ার ছেলে জাহাঙ্গীর ভূঁইয়া খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন। ভান্ডারুয়া গ্রামের মুঞ্জিল মিয়া অভিযোগ করেন, জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।


বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পিকআপটির গতিরোধ করে সেটি আটক করেন। পরে চালভর্তি পিকআপকে ঘিরে সেখানে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


স্থানীয় ইউপি সদস্য মন্নান মিয়া বলেন, “চাল আটকের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়ি আটক করে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। ১৫ টাকা কেজি দরে চাল পাওয়ার কার্ডধারীরা চাল না পেয়ে ফিরে যাচ্ছেন—এমন অভিযোগ রয়েছে। বাজারের পাহারাদার ও স্থানীয় জনতা পিকআপটি আটক করেছে।”


অভিযোগের বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের কাছে আছি। এসে বিস্তারিত জানাব।”


এদিকে পিকআপ আটকের খবর পেয়ে বিষয়টি তদন্তে মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিরুল ফারুক বলেন, “ঘটনাস্থলে দুই খাদ্য পরিদর্শক পাঠিয়েছি।”


মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “ঘটনাটি শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সরেজমিনে প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আটক করা পিকআপে থাকা সরকারি চাল কোথায় নেওয়া হচ্ছিল এবং চাল পরিবহনের বিষয়ে প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, তা সরেজমিন তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।



এ সম্পর্কিত আরো খবর