ক্রীড়া
ডেস্ক
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে স্যান ডিয়েগোর বিরুদ্ধে জয়ের সুবাস পেয়েও শেষ মুহূর্তের ধাক্কায় পয়েন্ট হারাল ইন্টার মায়ামি। ঘরের মাঠ নু স্টেডিয়ামে ফুটবল জাদুকর লিওনেল মেসির চোখধাঁধানো ফ্রি কিক ও লুইস সুয়ারেজের গোলেও জয় নিশ্চিত করতে পারেনি ফ্লোরিডার দলটি। ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের জোড়া গোলে ২-২ ব্যবধানের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। দুর্দান্ত আক্রমণের প্রদর্শন সত্ত্বেও লিগে মায়ামির জয়খরা বেড়ে দাঁড়িয়েছে টানা চার ম্যাচে।
চার
দিন আগেই ক্রুজ আজুলকে হারিয়ে ক্যাম্পেওনস কাপের শিরোপা জিতে ছন্দে ফেরার বার্তা দিয়েছিল ইন্টার মায়ামি। তবে ঘরোয়া লিগে তাদের কাঙ্ক্ষিত জয়ের ধারাবাহিকতা ফিরেনি। ম্যাচের দ্বাদশ মিনিটে সফরকারী স্যান ডিয়েগোকে এগিয়ে নেন অ্যান্ডার্স ড্রেয়ার। মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে নিখুঁত চিপে বল জালে পাঠান
এই ড্যানিশ ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া মায়ামি ম্যাচের ২৪তম মিনিটে সাফল্য পায়। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের উড়ন্ত ফ্রি কিকে বল গোললাইনের সামনে
ফেলে ফার পোস্ট ছুঁয়ে জালে জড়ান মেসি।
স্যান
ডিয়েগোর বিপক্ষে দর্শনীয় এই ফ্রি কিক
গোলের মাধ্যমে চলতি মৌসুমে লিগে নিজের ২০তম গোলটি অর্জন করলেন আর্জেন্টাইন অধিনায়ক। মায়ামির গোলাপি জার্সিতে এটি তার ১০১তম গোল, আর সব মিলিয়ে
পেশাদার ক্যারিয়ারে ৯৩০তম গোল। এছাড়া সরাসরি ফ্রি কিক থেকে এটি ছিল মেসির ক্যারিয়ারের ৭৫তম ফ্রি কিক গোল। মেসির সমতা সূচক গোলের পর আক্রমণ ধারালো
করে মায়ামি। ম্যাচের ৭৪তম মিনিটে রদ্রিগো দে পলের বাড়ানো
পাস ধরে অসাধারণ ফিনিশিংয়ে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে
এগিয়ে দেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ।
জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছেও শেষ ১০ মিনিটে লিড ধরে রাখতে ব্যর্থ হয় মায়ামির রক্ষণভাগ। ম্যাচের শেষলগ্নে ভার্সকোভের বাড়ানো পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করে স্যান ডিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার। ফলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। শেষ ৯টি লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ইন্টার মায়ামি পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেছে। ২৬ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের সমান পয়েন্ট তাদের, আর শীর্ষস্থানধারী ন্যাশভিলের চেয়ে তারা পিছিয়ে রয়েছে ১১ পয়েন্টে।