একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্টে দেওয়া পুরোনো একটি মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্তমান প্রেক্ষাপটে নতুন করে প্রচার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ ধরনের অপপ্রচার ও বানোয়াট ফটোকার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রবিউল ইসলাম নয়ন স্পষ্ট করে জানান যে, তার নামে ভাইরাল হওয়া বক্তব্যটি বহু পুরোনো। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে অতীতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। সেই সংকটময় সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভর্তুকি দিয়ে তেলের দাম সাধারণ মানুষের নাগালে রেখেছিলেন এবং ভর্তুকি না দেওয়া হলে জ্বালানির দাম লিটারপ্রতি ৭০০ টাকায় পৌঁছাত—সেটি ছিল তখনকারই একটি পুরোনো মন্তব্য। একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে সেই পুরোনো কথাটিই বর্তমানে পুনরায় ছড়াচ্ছে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, দেশের শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যমের একাংশ কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই এই মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত লজ্জাজনক। রাষ্ট্র ও সমাজের দর্পণস্বরূপ সংবাদমাধ্যমের এমন অসতর্কতা অত্যন্ত বেদনাদায়ক। এমনকি জাতীয়তাবাদী আদর্শের অনেক অনুসারীও না জেনে এই বানোয়াট ফটোকার্ড শেয়ার করছেন বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে দূরে থাকতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন যুবদল নেতা নয়ন।