ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,  ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নির্বাচনে দলীয় পরিচয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না: মীর শাহে আলম দিনের ভোট রাতে হবে না, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে সরকার বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই ভাইয়ের মৃত্যু ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক, দারিদ্র্যে হিমশিম খাচ্ছে আফগান পরিবার কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে এক দলে তিন বাংলাদেশি ক্রিকেটার ৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তায় ২ লাখ আনসার-ভিডিপি সদস্য বগুড়াকে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে হামলাকারী যুবক নিহত

লক্ষ্মীপুরে সার ডিলারশিপে ৫৭ জনের মধ্যে ৪৫ জনই বিএনপি নেতাকর্মী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৪৫ পিএম

লক্ষ্মীপুর জেলায় নতুন করে সার ডিলার হিসেবে মনোনীত ৫৭ জন ব্যক্তির মধ্যে অন্তত ৪৫ জনই সরাসরি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে অনেকেরই আগে সার ব্যবসা পরিচালনা বা সারের গুদাম থাকার কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না। অন্যদিকে, সরকারি নীতিমালায় আগে থেকে সার ব্যবসার সঙ্গে যুক্ত অভিজ্ঞ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত থেকে আবেদন করেও ডিলার হতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন বঞ্চিত ব্যবসায়ী।


কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সারের ডিলারশিপের জন্য আবেদনকারীর ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার পাকা মেঝের গুদাম ও ব্যাংকের অন্তত পাঁচ লাখ টাকার সচ্ছলতার সনদ থাকা বাধ্যবাধকতা রয়েছে, যেখানে পুরনো ব্যবসায়ীদের অগ্রাধিকার পাওয়ার কথা। তবে চূড়ান্ত তালিকায় মনোনীতদের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রাধান্য পাওয়ায় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। গত ১০ সেপ্টেম্বর জেলার ৫৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩৩৬টি আবেদন জমা পড়েছিল। পরবর্তীতে গত ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা ৫৭ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে জেলা প্রশাসনকে তালিকা পাঠায়। তালিকা বিশ্লেষণে দেখা যায়, মনোনীত ৪৫ জনই বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বা স্থানীয় নেতাদের স্বজন।


প্রতিবেদন সূত্রে জানা যায়, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নে মনোনীত স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশার মেসার্স গাজী এন্টারপ্রাইজ এবং রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের আগে সার ব্যবসার কোনো অভিজ্ঞতাই ছিল না। একইভা‌বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম ভূঁইয়া, দালাল বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন (যার প্রতিষ্ঠান মূলত রড-সিমেন্টের ব্যবসা করে) এবং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল পাটোয়ারী আগে সার ব্যবসা না করেও ডিলারশিপ পেয়েছেন। পাশাপাশি কমলনগর উপজেলার যুবদল নেতা হেলাল উদ্দিনের ভাই মো. ইসমাইল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গিয়াস উদ্দিনসহ বিএনপি নেতাদের বেশ কজন পারিবারিক স্বজন ডিলার হিসেবে মনোনীত হয়েছেন।


অপরদিকে, ২০০২ সাল থেকে ব্যবসা করা চন্দ্রগঞ্জের মো. শোভন, চর কাদিরের শাহেদ হাওলাদার কিংবা প্রায় ৫০ বছর ধরে সার ব্যবসা করা পরিবারের সন্তান চর মার্টিন ইউনিয়নের যুবদল নেতা তারেক রহমান রকির মতো অভিজ্ঞদের আবেদন যাচাই-বাছাইয়ের পর বাদ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কমলনগরের সাবেক ডিলারদের অভিযোগ, স্থানীয় দলীয় শীর্ষ নেতারা অর্থের বিনিময়ে অনভিজ্ঞ ব্যক্তিদের ডিলার বানিয়েছেন। যদিও বিএনপি নেতারা বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, আবেদনের সকল নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যোগ্যতা অর্জনের মাধ্যমেই সবাই মনোনীত হয়েছেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাছিবুর রহমান জানান, গত ১৭ বছর রাজনৈতিকভাবে বঞ্চিত থাকার পর নেতা-কর্মীরা নিয়ম মেনেই ব্যবসায় যুক্ত হওয়ার আবেদন করেছেন।


সার্বিক বিষয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ জানান, দলীয় নেতা-কর্মীদের নাম বেশি থাকার বিষয়টি তিনিও অবগত হয়েছেন। মূলত উপজেলা কমিটি থেকে যাচাই-বাছাইয়ের পর পাঠানো তালিকার ওপর ভিত্তি করেই কৃষি মন্ত্রণালয় তালিকাটি চূড়ান্ত করে পাঠিয়েছে। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর